লক্ষ্মীপুরে হরতালের প্রথম দিনে ২৩ জন আটক

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথমদিন বৃহস্পতিবার লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল পালন করছে জামায়াত-শিবির কর্মীরা।
এদিকে, জেলা সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর থেকে নাশকতার চেষ্টার সময়  জামায়াত-শিবিরের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে বলে জানান, লক্ষ্মীপুর জেলার এএসপি (হেড কোয়াটার) মো. নাসিম মিয়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হরতালের সমর্থনে সকালে জেলা শহরের আলীয়া মাদ্রাসা, মিয়া রাস্তার মাথা, বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে জামায়াত-শিবির নেতা কর্মীরা। পরে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা তাদের দাওয়া দিলে তারা পালিয়ে যায়।