গাজীপুরে বিশেষজ্ঞ ডাক্তারের মিথ্যা পরিচয়ে চিকিত্সা প্রদান ও সার্জারি করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি, পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় আপন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোঃ আক্তারুজ্জামান (৩৭) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রহিমাবাদ গ্রামের চাঁদ আলীর ছেলে।
র্যাব-১ পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতারক মোঃ আক্তারুজ্জামান চান্দনা চৌরাস্তায় আপন ডায়াগনস্টিক সেন্টারে নাক, কান, গলা এবং ঘাড় ও মাথাব্যথার বিশেষজ্ঞ চিকিত্সক ও সার্জনের মিথ্যা পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। নিজের নাম দিয়েছিলেন ডা. মোঃ আকরাম হোসেন দিদার। গোপন সূত্রে র্যাব জানতে পারে যে তিনি প্রকৃত চিকিত্সক নন। তার আসল নাম মোঃ আক্তারুজ্জামান। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে রোগী দেখার সময় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নাক, কান, গলা অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, ভুয়া ভিজিটিং কার্ড, অন্য ডাক্তারের সার্টিফিকেট, ভুয়া ডাক্তারি চিকিত্সার ব্যবস্থাপত্র, ব্যক্তিগত সিল এবং ১টি মোবাইল ফোন ও নগদ দেড় হাজার জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আক্তারুজ্জামান জানান, বাগেরহাট জেলার ডা. মোঃ আকরাম হোসেন দিদার গত ২০১৪ সালে মারা যান। তার নামীয় ডাক্তারি সার্টিফিকেট তিনি ব্যবহার করে আসছেন। এর আগে তিনি একই অপরাধে মাদারীপুরে র্যাবের হাতে এবং চাঁদপুরে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করে জামিনে মুক্তি পান। পরে গাজীপুরে এসে ৫শ টাকা ফিতে বিভিন্ন স্থানে ফের বিশেষজ্ঞ ডাক্তারের মিথ্যা পরিচয়ে রোগী দেখতে শুরু করেন।
র্যাব আরো জানায়, আটক আক্তারুজ্জামান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে তানহা ক্লিনিকে রোগীদের ভুল চিকিত্সা প্রদান ও অপারেশন করে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছেন। এভাবেই তিনি প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।