লক্ষ্মীপুরের রামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, কেথুড়ী গ্রামের আন্তির বাড়ির শিরীনা আক্তার কয়েক বছর থেকে ওয়ারিশি জায়গা কিনে বাড়ি সংলগ্ন ঠাকুর বাড়ির মাঠে এক একর জায়গায় খামার করে মাছ চাষ করে আসছেন। এই জায়গা নিয়ে বাড়ির লোকজনদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপুরে শিরিনা আক্তারের স্বামী শফিকুল ইসলাম মাছের খামারে মাছ ধরতে গেলে একই বাড়ির কয়েকজন তাকে মারধর করে আটক করে রাখে। খবর পেয়ে শিরীনা আক্তারসহ কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে শিরীনা আক্তারও শফিকুল ইসলামসহ দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।