সিঙ্গাইরে ভাতিজাদের হাতে চাচা খুন!

মানিকগঞ্জের সিংগাইরে লাল মিয়া (৭৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার জামির্ত্তা ইউপির সুদক্ষিরা পূর্ব পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার নিজ ভাতিজাদের হামলায় নিহত হন লাল মিয়া।

জানা গেছে, লাল মিয়ার পরিবারের সঙ্গে তার ভাই লতিফের ছেলে সালাউদ্দিন ও জাকিরের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও কয়েকবার  মারামারির ঘটনা ঘটে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির দক্ষিণ পাশে বিরোধপূর্ণ জমিতে লাল মিয়া হাল চাষ করতে যান। এ সময় দুই ভাতিজা সালাউদ্দিন ও জাকির তার ওপর হামলা করে। হামলায় আহত লাল মিয়াকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতেই সেখানে মারা যান তিনি।

সিঙ্গাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, থানায় হত্যা মামলা নেয়া হয়েছে। মামলার আসামি ৫ জন। প্রাথমিক তদন্তে লাল মিয়া হত্যার সঙ্গে তার ভাতিজাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা  চলছে।