তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ১২৭টি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জে চূড়ান্ত মনোনীত সাত প্রার্থী হলেন— মানিকগঞ্জ সদর উপজেলায় ইসরাফিল হোসেন, দৌলতপুরে নুরুল ইসলাম রাজা, ঘিওরে হাবিবুর রহমান, শিবালয়ে রেজাউর রহমান খান, হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান, সাটুরিয়ায় অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো এবং সিঙ্গাইরে শহিদুর রহমান।
অপর দিকে মানিকগঞ্জের সাতটি উপজেলায় আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের খবর শনিবার গভীর রাতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হতে থাকে। সমর্থকরা তাদের অভিনন্দন জানাতে থাকেন।