ডিলার এবং কৃষক পর্যায়ে ডিএপি (ডাই-এ্যামোনিয়াম ফসফেট) সারের দাম প্রতি কেজিতে দুই টাকা কমিয়েছে সরকার। কৃষক পর্যায়ে প্রতি কেজি ডিএপি সার ২৭ টাকার পরিবর্তে ২৫ টাকা ও ডিলার পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকার পরিবর্তে ২৩ টাকায় বিক্রি মূল্য নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা, কৃষিক্ষেত্রে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সারের দাম কমানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএপি সারে ফসফেট এবং নাইট্রোজেন থাকায় এ সার প্রয়োগে ইউরিয়া ও ফসফেটের সুফল পাওয়া যায়। ডিএপি সার ব্যবহারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে কীটনাশক কম ব্যবহার করতে হয় বলেও কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।