র‌্যাব কর্মকর্তাদের নির্দেশে কিলিং মিশনে অংশ নেন রুহুল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অপহরণ থেকে শুরু করে পুরো কিলিং মিশনে ছিলেন র্যাবের ল্যান্স কর্পোরাল রুহুল আমিন। সাতজনকে যখন অপহরণ করা হয় তখন তাদের মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করেন তিনি। তবে পুরো ঘটনায় তিনি শুধু র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পালন করেছেন।

১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন কথাই বলেছেন রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এর আগে নিহত নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি ও চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের দায়ের করা মামলায় চতুর্থ দফায় রিমান্ডে ছিলেন রুহুল আমিন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ    সিটি করপোরেশনের প্যানেল  মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম  এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত র্যাবের তিন কর্মকর্তাসহ ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।