জেলায় হাবিবুর রহমান হাবিব (১৫) নামের ৯ম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় হাবিব। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মহানগরীর ধাপ পাশারীপাড়া এলাকার হামিদা বেগম ধাপ পাশারিপাড়া এলাকায় রাস্তার ধারে ভাঁপা পিঠা বিক্রি করে সংসার চালান। গত বুধবার তিনি পিঠার চাল মেশিনে ভাঙিয়ে আনার জন্য তার ছেলে হাবিবকে বলেন। চাল ভেঙে রাতে বাড়ি ফেরার পথে ধাপ বাজারের কাছে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এবং হাবিবের বন্ধু সজীব, মন ও কাব্য তার পথরোধ করে। এ সময় তাদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা হাবিবকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। তার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।