প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেলের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ হামলা হয়। হামলার সময় বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট ম্যাচ উপলক্ষে নগরীর সৌন্দর্য বর্ধন ও আলোকসজ্জার কাজ পরিদর্শন করছিলেন শেখ সোহেল। এ কারণে কোন প্রকার অঘটনের শিকার হননি তিনি।
এদিকে শেখ সোহেলের বাড়িতে গুলিবর্ষণের ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও বিসিবির পরিচালক শেখ সোহেলের শেরে বাংলা রোডস্থ বাড়ির মেইন গেটের বিপরীতে একটি গলি থেকে সন্ত্রাসীরা ৫ রাউন্ড পিস্তলের গুলিবর্ষণ করে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সোনাডাঙ্গা থানা পুলিশের চার জনকে সাসপেন্ড করা হয়েছে। তবে এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।