ব্রাহ্মণবাড়িয়া জেলার স্কুল-কলেজের ছাত্রীরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। সম্প্রতি জেলা শহরের একটি গার্লস স্কুলে এক ছাত্রীর ব্যাগে ইয়াবা পাওয়ার পরই এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল। উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বিশিষ্টজনেরা। জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাম্প্রতিক সভায়ও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট চিকিৎসক, জেলা নাগরিক কমিটি ও ব্রাহ্মণবাড়িয়াস্থ কুমিল্লা সমিতির সভাপতি ডাক্তার মো. বজলুর রহমান গত ১৫ সেপ্টেম্বর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় স্কুল ছাত্রীদের ইয়াবায় আসক্ত হওয়ার কথা উত্থাপন করেন। IMG0 তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস স্কুল ও আনন্দময়ী (নিতাই পাল) বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। ওই স্কুলের ছাত্রীরা ইয়াবা আসক্ত হয়ে পড়েছে। ওই সভায় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদেরকে নির্দেশ দেয়া হয়।
আরো জানা গেছে, জেলার এক ধনাঢ্য পরিবারের মেয়ে এক ছাত্রী বাসা থেকে টাকা চুরি করে স্কুলে ধরা পড়ে। শিক্ষকের জেরার মুখে ওই ছাত্রী ইয়াবা কেনার জন্যই বাসা থেকে এ টাকা নিয়েছিল বলে স্বীকার করে।
এইচএসসি’র প্রথম বর্ষের জনৈক ছাত্রী বেশ কয়েকদিন ধরেই পড়ালেখায় অমনযোগী। মা তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকের কাছে সে ইয়াবা আসক্ত জানিয়ে এখন সে অস্থিরতায় ভুগছে বলে জানায়।
আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেনও ইয়াবা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।