সাতক্ষীরার ভোমরায় ডিজিএফআই’র এসআই পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার রাতে বিষ্ণুপদ সরকার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষ্ণুপদ সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকার বাসিন্দা।
সাতক্ষীরার ভোমরা বিওপির কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, বিষ্ণুপদ সরকার নিজেকে ডিজিএফআই’র এসআই পরিচয় দিয়ে ভোমরা বিওপিতে আসেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় সাতক্ষীরায় কর্মরত ডিজিএফআই’র জনৈক কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। ওই কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিচয় পত্রটি ভুয়া বলে সনাক্ত করেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, বিষ্ণুপদ দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছেন। এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে।