চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম বিভাগের সাত জেলায় গতকাল রবিবার রাতে এক ঘণ্টা বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। হাটহাজারীতে আঞ্চলিক গ্রিডে গতকাল রবিবার রাত ১০টার দিকে কারিগরি ত্রুটির কারণে এ বিপর্যয়ের সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার, ফেনী ও কুমিল্লা জেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়।
জানা গেছে, রাত ১০টার দিকে প্রথমে চট্টগ্রামের জুলধা পাওয়ার প্ল্যান্টে যন্ত্রাংশ (সিটি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে চট্টগ্রাম নগরীর হালিশহর বিদ্যুত্ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর অতিরিক্ত চাপের কারণে চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক গ্রিডে বিপর্যয় ঘটে। ফলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে রাত ১০টা থেকেই বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পিডিবি চট্টগ্রাম জোনের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দাস ইত্তেফাককে জানান, হাটহাজারীর ওই আঞ্চলিক গ্রিডে কারিগরি ত্রুটির কারণেই বন্ধ হয়েছে বিদ্যুত্ সরবরাহ। গ্রিড মেরামত করে রাত সাড়ে ১১টার মধ্যে পুনরায় বিদ্যুত্ সরবরাহ করা সম্ভব হয়েছে।