আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শুভ পরিণয়ে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে বরযাত্রীসহ বর বেশে রওনা হয়েছেন মন্ত্রী মুজিবুল হক। বরের আগমনী বার্তায় সরগরম হয়ে উঠেছে কুমিল্লারা চান্দিনা উপজেলার কুটুম্বপুর গল্লই সড়ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর থেকে কনের পিত্রালয় মিরাখলা পর্যন্ত ছোট-বর সব বয়সী উৎসুক জনতা বরযাত্রীর গাড়ি বহর দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। IMG0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর স্টেশন থেকে গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামের বিয়ে বাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ অতিথিদের পথ চেনাতে ও যানজট নিরসনে কাজ করছেন। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পোশাকধারী ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।
বর ও বরযাত্রী বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে কনে পক্ষ। রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কনে পক্ষের আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়িতে অতিথি আপ্যায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাহারী কাঁচা ফুলে সজ্জিত করা হয়েছে বরের স্টেজ। অতিথিদের খাবারও ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। বর ও বরযাত্রীদের খাবারের মধ্য দিয়ে সকল অতিথিদের খাবার পরিবেশন শুরু করা হবে বলে জানিয়েছেন কনের পরিবার।
কুমিল্লা থেকে অভিজ্ঞ বিউটিশিয়ানদের একটি দল নববধূকে সাজানোর কাজে ব্যস্ত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বর ও বরযাত্রী বিয়ে বাড়িতে পৌঁছাবেন বলে জানান কনের পরিবার।