রায়গঞ্জে ৩টি ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জের রয়হাট্রি জোড়া ব্রিজ এলাকায় ৩টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত ট্রাক চালক ফারুক হোসেন (২৫) রায়গঞ্জ উপজেলার মোজাফফরপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। আহতদের বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় উল্টেপড়া  ট্রাক গুলিতে রাস্তা অবরুদ্ধ  হয়ে  ঘণ্টাব্যাপী বিশাল যানজটের সৃষ্টি হয়।  
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ আলী জানান, ঢাকা থেকে একটি কয়লা বোঝাই ট্রাক বগুড়া যাচ্ছিল। ট্রাকটি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রয়হাট্রি জোড়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে ভুইয়াগাঁতি থেকে সিরাজগঞ্জমুখী ইট বোঝাই আরও একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটির উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইট বোঝাই ট্রাকের চালক ফারুক নিহত হয় ও অপর ৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক গুলোকে সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।