নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হলে দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের -----------দুদক চেয়ারম্যান

দুর্নীতির অভিযোগ অনুসন্ধান-তদন্ত নির্ধারিত সময়ে শেষ করতে না পারার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান-তদন্ত নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না। এটার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে। গতকাল রবিবার দুদক কার্যালয়ে কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত পরিপূর্ণভাবে ডকুমেন্ট তথা কাগজনির্ভর। আবার দুর্নীতি দমন কমিশন আইন অনুসারে অনুসন্ধান বা তদন্ত কাজে কমিশনের বিশেষ ক্ষমতা রয়েছে। যেকোনো ব্যক্তিকে অনুসন্ধান বা তদন্তসংশ্লিষ্ট তথ্য সরবরাহ করার জন্য আইনি নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছ কমিশনের। তদুপরি কেউ এই নির্দেশ পরিপালন না করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ড প্রদানের বিধানও রয়েছে। তারপরও কেন কমিশনের অনুসন্ধান বা তদন্ত আইন অনুসারে নির্ধারিত সময়ে সম্পন্ন হচ্ছে না। কেন কিছু কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত সংশ্লিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারছেন না? এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই  নিতে হবে।

তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজে দুর্নীতিমুক্ত না থাকলে এবং চলন-বলন তথা আচরণের উত্কর্ষতা না থাকলে কেউ শ্রদ্ধা করে না। এটাও সকলকে মাথায় রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী। কমিশনের বিভিন্ন পদমর্যাদার ত্রিশ কর্মকর্তা এ প্রশিক্ষণ গ্রহণ করছেন।