ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শনিবার সকালে চাতাল কলের গরম পানির পাইপ বিস্ফোরিত হয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতের নাম আমেনা বেগম (৪০)। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত রুনি (৪) ও সোনিয়াকে (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৭টায় বুলবুল অটো রাইস মিলের ধান সিদ্ধ করার গরম পানির ট্যাংকটির গ্যাস পাইপের গেটবাল্ব বিস্ফোরিত হয়। বিস্ফোরিত পাইপটির ২ গজ পাশেই আমেনা ও তার দুই সন্তান ছিল। গরম পানিতে আমেনার পুরো শরীর ঝলসে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার দুই সন্তান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানার ওসি মো. আবু জাফর ঘটনার নিশ্চিত করেছেন।