গণজাগরণ মঞ্চের আন্দোলন দেশের প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত গণজাগরণ সমাবেশে এই আহবান জানান তিনি। ইমরান বলেন, ‘আবারো প্রমাণিত হয়েছে, জামায়াতে ইসলাম পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের আর রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন সময় এসেছে আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার। এই স্বাধীন বাংলায় আলবদর রাজাকার ও দেশদ্রোহী ও তাদের উত্তসুরীদের আর কোনো ঠাঁই নেই। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা না পর্যন্ত গণজাগরণ মঞ্চ আন্দোলন চালিয়ে যাবে।’তিনি আরো বলেন, ‘জামায়াত ইসলাম ধর্মকে ব্যবহার করে এদেশের অনেক মানুষকে হত্যা করেছে। তারা দেশের জাতীয় চেতনা নষ্টের ষড়যন্ত্রসহ জাতীয় সংগীত, শহীদের স্মৃতিসৌধ ও বিভিন্ন ভাষ্কর্যের অবমাননা করেছে। রাষ্ট্রকে অনুরোধ করবো যুদ্ধাপরাদীদের বাঁচানোর চেষ্টা করবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে বিএনপি আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে বলেও উল্লেখ করেন ইমরান।