জামায়াতের ডাকা টানা হরতালের প্রথম দিন রবিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শিবির-পুলিশ ও আওয়ামী লীগের লোকজনদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষের সময়ে শিবিরের লোকজন একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করেছে।
জানা গেছে, হরতাল সমর্থনে সকাল পৌনে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন আজমেরী বাগ এলাকা থেকে শিবিরের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও একটি বাসে আগুন দেয়। পরে পুলিশ এসে শিবির কর্মীদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এক পর্যায়ে ফাঁকা গুলি ছুড়লে শিবিরের লোকজন পিছু হটে।
সকাল ১০টার দিকে শিবিরের লোকজন আবারো মিছিল করতে চাইলে আওয়ামী লীগের লোকজন ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্তিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় পুলিশ ছয় সন্দেহভাজনকে আটক করেছে।