ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ ফের ১ মাস বাড়িয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে কর রিটার্ন জমা দিলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। এর আগে এক মাস বাড়িয়ে রবিবার পর্যন্ত (২ নভেম্বর) রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, রিটার্ন দাখিলে করদাতাদের কাঙ্খিত সাড়া না মেলায় আবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে, পরিত্র হজ পালন, ঈদুল আযহা ও দুর্গাপূজার বেশ কিছু কারণে সরকারি অফিস বন্ধ ছিল। ফলে অনেকের পক্ষে যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি। এ জন্য সময়সীমা বাড়ানোর হয়েছে। অবশ্য এর পর আর কোনো ক্রমেই রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না বলেও স্মরণ করিয়ে দেয়া হয়েছে।
সূত্র জানায়, রবিবার পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ করদাতা তাদের গত ২০১৩-১৪ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন। অথচ গত অর্থবছরে প্রায় ১২ লাখ আয়কর রিটার্ন দাখিল হয়েছিল। এর আগে গত ২০১২-১৩ অর্থবছরে ১১ লাখ ৬৪ হাজার এবং ২০১১-১২ অর্থবছরে ১০ লাখ ৫৬ হাজার রিটার্ন জমা পড়েছে।
বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী— প্রতিবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে এর আগের অর্থবছরের আয়কর রিটার্ন জমা দিতে হয়। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে অসমর্থ হলে যেকোনো করদাতা সংশ্লিষ্ট কর সার্কেলের কর উপকমিশনারের কাছে আবেদন করে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সময় বাড়িয়ে নিতে পারেন।
তবে এ সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দেয়ার জন্য করদাতার পূর্ববর্তী বছরের প্রদেয় করের ১০ শতাংশ বা ১ হাজার টাকা মধ্যে যেটি বেশি ওই পরিমান অর্থ এবং প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে জরিমানার বিধান রয়েছে। যদিও এই জরিমানার অর্থ সংশ্লিষ্ট কর উপকমিশনার চাইলে কমাতে পারেন।
এ বছর প্রথমবারের মতো সব ধরনের করদাতাদের কাছ থেকে নতুন পদ্ধতির ১২ সংখ্যার আইটি আইনের বিপরীতে আয়কর রিটার্ন জমা নেয়া হচ্ছে।