‘‘তুই খালেদা জিয়ার জনসভায় গান গেয়েছিস, এবার তোর গান শোনানোর সাধ মিটাচ্ছি।”’

নাটোরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় সংগীত পরিবেশন করার ‘অপরাধে’ আবদুল খালেক নামের এক বাউলশিল্পীকে রোববার হাতুড়িপেটা করে চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের বাউলশিল্পী খালেক রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা করে। তারা তাঁকে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। এরপর তারা তাঁর মাথার লম্বা চুলগুলো কাঁচি দিয়ে কেটে ফেলে। কিছুক্ষণ পর তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর থানার পুলিশ ও পথচারীরা। তারা বাউলকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় খালেক সাংবাদিকদের বলেন, ‘দুর্বৃত্তরা আমাকে মারছিল, আর বলছিল ‘‘তুই খালেদা জিয়ার জনসভায় গান গেয়েছিস, এবার তোর গান শোনানোর সাধ মিটাচ্ছি।”’
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘লোকমুখে শুনে আমাদের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে। আমরা জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি।’