কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার বিকেলে টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল রবিবার বিকেলে নিহতের স্ত্রী দিলশাত বেগম ৩৫জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় মো. শামসুল আলমের চাচাতো ভাই আবদুল মালেককে প্রধান আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে আবুল কাশেমের স্ত্রী সাবেকুন নাহার (৩০) ও আনু মিয়ার ছেলে মো. হোসেন (২৮) গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
কলেজ সূত্র জানায়, টেকনাফ ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা গতকাল রোববার বাংলা বিভাগের অধ্যাপক মো. শামসুল আলমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এক ঘন্টার কর্মবিরতি পালন করেন। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে। বুধবার টেকনাফ পৌরসভার জিরো পয়েন্টে মানববন্ধন এবং বৃহস্পতিবারে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।