ভুল চিকিত্সায় ছাত্রের মুত্যুর অভিযোগ

 
মেহেরপুর প্রগতি ক্লিনিকে ইমরান হোসেন (২৬) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্লিনিক ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন ক্লিনিক মালিক হাফিজুর রহমান। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড নতুনপাড়ার খাইরুল আলমের ছেলে। তিনি বিবিএ শেষ বর্ষের ছাত্র।
স্থানীয় ও ইমরানের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইমরানকে প্রগতি ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে তার অপারেশন সম্পন্ন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এসএম নুর উদ্দীন রুমি। অপারেশন থিয়েটার থেকে রোগীকে বেডে রাখার পর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে রোগীর স্বজনরা ক্লিনিকে হামলা চালায়। মারধর করা হয় ক্লিনিকের মালিককে। ইমরানের চাচা এনামুল হক জানান, অপারেশনের পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে ক্লিনিক মালিককে জানানো হয়। কিন্তু জরুরি প্রয়োজনে চিকিত্সা দিতে ব্যর্থ হওয়ায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
তবে এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি ডাঃ রুমি। মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ তাপস কুমার সরকার জানান, ওই রোগীর হাইড্রোসিল এবং এ্যাজমা আক্রান্ত ছিল বলে শুনেছি। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।