ভাঙ্গুড়ায় ভাসমান খামার: একসঙ্গে সবজি, মাছ ও হাঁস পালন

 
 
 
 
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভাসমান খামার জনপ্রিয় হয়ে উঠেছে। এলাকার খাল, নদী ও বিলের ধারে পানির ওপর  মাঁচা তৈরি করে ভাসমান খামারে একসঙ্গে সবজি, মাছ চাষ ও হাঁস পালন করা হচ্ছে। মাচার চার পাশে জালের বেড়া দেয়া  হয়, যাতে মাছ বের হয়ে যেতে না পারে।  উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়া গ্রামে এনজিও সিধুলাই পরিচালিত নারী সংগঠনের সদস্যরা গুমানি নদীতে এমন একটি খামার গড়ে তুলেছেন।
নারী নেত্রী মরিয়ম জানান, এখানের মাচায় শসা, করল্লা ও কুমড়ার ভালো ফলন হয়। প্লাস্টিকের বালতির মধ্যে মাদা তৈরি করে শক্ত খুটির সাথে বেঁধে তাতে সবজির চারা রোপণ করা হয়েছে। এই সবজি সম্পূর্ণ বিশুদ্ধ ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা প্রচুর, দামও বেশি পাওয়া যায়। খামারে উন্মুক্ত জলরাশির প্রবাহ থাকায় স্বরপুঁটি, তেলাপিয়া, চিতল প্রভৃতি মাছ দ্রুত বেড়ে ওঠে। হাঁস সারা দিন পানিতে থাকে, রাতে ভাসমান খামারের ঘরে উঠে ডিম দেয়। হাঁসের বিষ্ঠা মাছের খাদ্যে পরিণত হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল আলম বলেন, ‘খামারটি সত্যি চমত্কার ও ভীষণ আয়বর্ধক।’
কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘ইউএনও শামছুল আলম খামারটি উপজেলার মডেল হিসেবে প্রদর্শনের ব্যবস্থা করায় অনেকের মধ্যেই ব্যাপক উত্সাহ তৈরি হয়েছে।’