ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শিয়ালদাইলুই এলাকার ভূষণ কার্বারী পাড়ায় আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মহালছড়িতে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করেছে। গত সোমবার বিজিবির কয়েকজন সদস্য পাহাড়ি ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তারা।  বুধবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বাবুপাড়া থেকে শুরু হয়ে মহালছড়ি পেপার বোর্ড এলাকা প্রদক্ষিণ শেষে বাস স্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেনন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিদর্শন খীসা ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তাদের অভিযোগ, গত সোমবার দুপুর ১২ টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিয়ালদাইলুই এলাকায় সদ্য স্থাপিত ইয়ান্দার পাড়া বিজিবি ক্যাম্পের অজ্ঞাত সদস্যরা পাহাড়ি এক আদিবাসী নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করতে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারের কাছে গেলে ক্যাম্প কমান্ডার বিভিন্ন হুমকি দিয়ে ক্যাম্প থেকে তাদের তাড়িয়ে দেয়। সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার অভিযুক্ত ওই বিজিবি সদস্যদের বাঁচাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সমাবেশে বক্তারা বিজিবির বিভিন্ন অপকর্মের কাহিনী তুলে ধরে অভিযুক্ত বিজিবি সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।