রাবিতে তিন ইউনিটে সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন



জামায়াতের হরতালের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্সে ভর্তির তিনটি ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এগুলো হলো কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা; জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট এবং কৃষি অনুষদভুক্ত ‘জি’ ইউনিট।
মঙ্গলবার দুপুরে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া অন্য সকল ইউনিটের সাক্ষাৎকারের সময়সূচি মঙ্গলবার পর্যন্ত অপরিবর্তিত ছিলো।
কলা অনুষদের ডিন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন জানান, ‘এ’ ইউনিটের অধীনে চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের পৃথক ব্যবহারিক ৬, ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠানের তারিখ পূর্বনির্ধারিত ছিলো। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে আগামী ১১, ১২ ও ১৩ নভেম্বর গ্রহণের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
এদিকে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল লতিফ জানান, ‘এফ’ ইউনিটের সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯, ১০, ১১, ১২ নভেম্বর। প্রতিদিন সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
অন্যদিকে কৃৃষি অনুষদের ডীন প্রফেসর শাহানা কায়েস জানান, অনিবার্য কারণবশতঃ ‘জি’ ইউনিটের সাক্ষাৎকার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কৃষি অনুষদ ভবনে গ্রহণ করা হবে।
এছাড়া ভর্তি ও সাক্ষাৎকারসহ অন্যান্য বিস্তারিত তথ্যাবলি স্ব-স্ব অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জানা যাবে।