- গ্যাসের অভাবে রাজধানী ঢাকা থেকে কারখানা স্থানান্তর করা যাচ্ছে না বলে দাবি করেছেন শিল্পোদ্যোক্তারা। শিল্প খাতের উন্নয়নের স্বার্থে গ্যাস সংযোগ দেয়ার পাশাপাশি ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বুধবার রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) এক সভায় এ দাবি তোলেন তারা। ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণে বাণিজ্য মন্ত্রণালয়ে গঠিত বাণিজ্য-সহায়ক পরামর্শক কমিটির এ সভায় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সভায় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঢাকার চারপাশে নতুন জায়গায় কারখানা স্থানান্তর করতে চান মালিকরা। কিন্তু সম্প্র্রতি এক আদেশে বলা হয়েছে— কারখানা স্থানান্তর হলেও গ্যাসের লাইন স্থানান্তর করা হবে না। গ্যাস সংযোগ ছাড়া কোনোভাবেই ঢাকা থেকে কারখানা স্থানান্তর সম্ভব নয়। অন্য দিকে, ডিটেইলড এরিয়া প্ল্যানের (ড্যাপ) আওতায় থাকার কারণেও কারখানা স্থানান্তরে অনুমতি পাওয়া যাচ্ছে না। এ সব সমস্যার দ্রুত সমাধান দরকার।
সভায় বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করে এ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের পরিবেশ রয়েছে। এ জন্য পৃথিবীর অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। সে কারণে দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তারা শিল্প স্থাপনে এগিয়ে এসেছে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএ সভাপতি ও সংসদ সদস্য সেলিম ওসমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহজাহান খান, বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদ এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।