সেনবাগে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল, সংঘর্ষে আহত ১৫



নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ছাতারপাইয়া বাজারে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়াও বেশ কিছু দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।


এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক মজুমদার বলেন, বুধবার সন্ধ্যার পরপরই পশ্চিম বাজার থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি মধ্য বাজারের স্টিলের ব্রিজ পার হওয়ার সময় জামায়াত ও বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে তার দলীয় ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছে।
অন্যদিকে বিএনপি নেতা আবদুর রহমান দাবি করেছেন, হরতালের সমর্থনে জামায়াত-শিবির মিছিল বের করলে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালায়। এতে দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত আটটার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।