নরসিংদীতে মোবাইল কোর্টের ওপর হামলা, গাড়ি ভাংচুর

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আবারো হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় স্থানীয় সন্ত্রাসী, দালাল চক্র ও অবৈধ সংযোগ মালিকরা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আনসার সদস্য ও সাংবাদিকসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দুইটি মোটরসাইকেল ভাংচুর করে ও তিনটি ক্যামেরা লুট করে নিয়ে যায়। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এর আগেও জেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছিল ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার প্রত্যক্ষদর্শী তিতাস গ্যাসের ঠিকাদার প্রতিনিধি কামাল মোল্লা জানান, হামলাকারীরা প্রথমে এক আনসার সদস্যকে পিটিয়ে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে অস্ত্র লুটের চেষ্টা চালায়। এ সময় সময় টেলিভিশনের ক্যামেরাম্যান কাউসার আহমেদ ফুটেজ নিতে গেলে তাঁর কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তাকে পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। চ্যানেল ২৪’র ক্যামেরাম্যান লক্ষন বর্মন ঘটনাস্থলে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পাশাপাশি তাদের ক্যামেরা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে। হামলার সময় আনসাররা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট গুলি করার অনুমতি চাইলে ম্যাজিস্ট্রেট এম জহিরুল হায়াত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে তিনি অভিযোগ করেন।

এদিকে ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত দলের প্রধান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত আনসার সদস্য ও সাংবাদিকদের চিকিত্সার বিষয়ে খোঁজ-খবর নিয়েছি।