জামালপুরে আদিবাসীকে অপহরণের ৯ দিন পর উদ্ধার, গ্রেফতার ৩

জেলার বকশীগঞ্জ উপজেলার পূর্ব সানখান পাড়ার গারো আদিবাসী রবি ডালবত উরফে রবিনাথ সাংমাকে অপহরণের ৯ দিন পর গত সোমবার উদ্ধার করেছে পুলিশ। তাকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকা থেকে উদ্ধার করার সময় ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, অপহূতের স্ত্রী শেরুখার লিখিত অভিযোগে বলেন, নারায়ণপুর এলাকার দুলাল ওরফে লঙ্গর কবিরাজসহ ৮/১০ জন তার স্বামীকে অপহরণ করেছে। তাকে আটকে রেখে নির্যাতন চালায় এবং মোবাইল ফোনে তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। পুলিশ সুপার জানান, পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করে রবি সাংমার অবস্থান নিশ্চিত করে। এরপর অভিযান চালিয়ে আলিমুল রাজি চৌধুরীর বাড়ি থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় রবি সাংমাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ আলিমুল রাজি চৌধুরী(২৮), আব্দুস ছামাদ(২৩) এবং দুলাল (লঙ্গর) কবিরাজকে (৫০) আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।