খাবারে তেলাপোকা পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার রাতের এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
হলের শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে দাম বেশি নেয়া হলেও খুবই নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। খাবারে বিভিন্ন সময় তেলাপোকা, মাছি, টিকটিকের লেজ, পাথরসহ প্রায়ই বিভিন্ন ধরণের ময়লা-অবর্জনা পাওয়া যায়। যেসব প্লেটে খাবার দেয়া হয়, সেগুলো ভাঙ্গা ও নোংরা। এই বিষয়ে ক্যান্টিন পরিচালক আলতাফ হোসেনের কাছে আভিযোগ করলে তিনি উল্টা বলেন, ‘এটা তোমাদের ভাগ্য’। বিভিন্ন সময় খাবারের মান নিয়ে কিছু বলতে গেলে খুবই খারাপ ব্যবহার করেন তিনি। এর জের ধরে বুধবার রাতে খাবারের মধ্যে আস্ত তেলাপোকা পেয়ে শিক্ষার্থীরা ক্যান্টিনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
এ ব্যাপারে শিক্ষার্থী পারভেজ ও গুফরান বলেন, বুধবার সন্ধ্যায় ক্যান্টিনে খাওয়ার সময় তারা খাবারের মধ্যে একটি আস্ত তেলাপোকা পান। বিষয়টি ক্যান্টিন মালিককে জানাতে গিলে তিনি আমাদের সঙ্গে খারাপ আচারণ করেন। বিষয়টি হলের শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তারা ক্যান্টিনে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এসএম এক্রাম উল্যাহ বলেন, ক্যান্টিন পরিচালককে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এখন আমরা নতুন ক্যান্টিন পরিচালক খুঁজছি।