বেসিক ব্যাংকের অপসারিত এমডি কাজী ফখরুল ইসলামের শাস্তি মওকুফের আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৫ মে তাকে অপসারণ করে বাংলাদেশ বাংক। তাকে অপসারণের পাশাপাশি পরবর্তী ২ বছর অন্য কোনো ব্যাংকে যোগ দেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করলে বৃহস্পতিবার তা খারিজ করে দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
জানা গেছে, অপসারিত হওয়ার পর প্রথম দিকে ফখরুল ইসলাম ব্যক্তিগতভাবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ করেন। বেসিক ব্যাংকে চাকরি ফেরত না পেলেও অন্য ব্যাংকে কাজ করার নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর জন্য জোর চেষ্টা ছিল তার। তবে বাংলাদেশ ব্যাংক পর্ষদ তার অনুরোধ রাখেনি। পরে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে— এমন কথার পরিপ্রেক্ষিতে তিনি দেশ ছেড়ে চলে যান। বর্তমানে তিনি স্বপরিবারে মালয়েশিয়ায় অবস্থান করছে বলে জানা গেছে।
বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগরসহ বিভিন্ন শাখায় পরিদর্শন চালিয়ে সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ অনিয়মের তথ্য পায় কেন্দ্রীয় ব্যাংক। চেয়ারম্যান, এমডিসহ বিভিন্ন পক্ষের যোগসাজশে এ অনিয়ম সংঘটিত হয়। অনিয়মের দায়ে পর্ষদ ভেঙে দেওয়াসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।