বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু



বগুড়ায় ট্রাক, টেম্পু ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার শাজাহানপুরের কাঁটাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাজাহানপুরের নগরকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র আব্দুর রশিদ (৬০) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার শহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে শাজাহানপুর কাঁটাবাড়িয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি টেম্পুর সংঘর্ষ হয়। এ সময় একটি মোটর সাইকেলও দুর্ঘটনা কবলিত হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় টেম্পো যাত্রী আব্দুর রশিদ ঘটনাস্থলেই মারা যান।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মোটরসাইকেল আরোহী যশোর জেলার মনিরামপুর এলাকার শহিদুল ইসলাম মারা যান।