বৃহস্পতিবার রাত নয়টা থেকে ১০টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে জিসান বাহিনীর সঙ্গে পুলিশের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ওই সময় পুলিশ ও জিসান বাহিনীর সদস্যদের মধ্যে শত শত রাউন্ড গুলি বিনিময় হয়। এতে জিসান বাহিনীর চার সদস্য গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন রুবেল, মনির, সুমন এবং রুবেল।
পুলিশ জানায়, আজ রাতে জিসানকে ধরতে গেলে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সংঘর্ষের সময় জিসান বাহিনীর লোকজন বাস, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে ও পুড়িয়ে দেয়। এরপর ফাঁকা গুলি করতে করতে চন্দ্রগঞ্জ কলেজের পাশ দিয়ে পালিয়ে যায়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।