চট্টগ্রাম বোর্ডে জেএসসি পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। হরতালের কারণে তা স্থগিত হওয়ায় শুক্রবার থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। সকাল নয়টা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
জানা গেছে হরতালের কারণে চারটি বিষয়ের নির্ধারিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শুক্রবারের পরীক্ষাগুলো প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হবে এবং অন্য দিনের পরীক্ষা যথারীতি সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা ৭ ও ১৪ নভেম্বর এবং ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১৯৯টি। এক হাজার ১২৫টি বিদ্যালয়ের এক লাখ ৫২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬৮ হাজার ৮০২ জন ছাত্র এবং ৮৩ হাজার ৫৬৬ জন ছাত্রী রয়েছে।