বগুড়ায় ককটেল-বিস্ফোরকসহ গ্রেফতার ১৪

বগুড়ায় ইসলামী ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শহরের সূত্রাপুর ও জামিলনগরের ৩টি ছাত্রাবাসে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একইসাথে পুলিশ ছাত্রাবাসগুলোতে তল্লাশি চালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশে তৈরি ককটেল, বিস্ফোরক, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরণের পোস্টার-ব্যানার, পুস্তক ও সিডি উদ্ধার করেছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরের অভিযোগে থানায় একাধীক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী (৩০), শাজাহানপুর উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শাহীন আলম (২৬), বগুড়া জেলা (দক্ষিণ) শাখার পাঠাগার সম্পাদক মো. সোলায়মান (২৫), সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন (২৩),  মাদ্রসা সম্পাদক আব্দুল আলিম (২৩), জেলা (উত্তর ) শাখার শিক্ষা সম্পাদক মাহবুব হোসেন (২২),  শিবির কর্মী এনামুল হক (২২), শাহাদত হোসেন (২০), ইব্রাহীম হোসেন (১৮), দলিলুর রহমান (২৮), হজেদুল ইসলাম শান্ত (২০)  এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী  হাসিলুর রহমান (২০), আব্দুল্লা আল মাহবুব (১৯) ও জিন্নাহ্ (২১)।  
পুলিশ সূত্র  জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে প্রথমে বগুড়া শহরের সুত্রাপুরের একটি ছাত্রাবাস থেকে জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলীসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারেক্তির ভিত্তিতে ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত জামিলনগরের দুইটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের  ১০ নেতা কর্মীকে গ্রেফতার ও ককটেলসহ পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উব্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান ১৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতির সংবাদে পুলিশ কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালায়। এসময় ১৪ জনকে গ্রেফতার এবং কয়েকটি  ছাত্রাবাস থেকে বেশকিছু বিস্ফোরক, ককটেল, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং ব্যানার, সাংগঠনিক বই ও সিডি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও ভাংচুরসহ অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে ।