পঞ্চগড় যুগ্ম জেলা জজ আদালতের এজলাসে আগুন লেগে কয়েকশ মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশ প্রহরী আজহার আলী সকাল ৭ টার দিকে পঞ্চগড় যুগ্ম জেলা জজ আদালত থেকে ধোয়া বের হওয়ার দৃশ্য দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে বারান্দা ও দরজার তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আদালতের এজলাসের টেবিল, বেঞ্চ সহকারির টেবিল, কয়েকশ মামলার মূল নথিপত্র, কম্পিউটারসহ প্রয়োজনীয় মালামাল ভস্মিভূত হয়। খবর পেয়ে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিকসহ আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুল মালেক জানান, বিদ্যুতের সংযোগ বা সর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিশ্চিত করে বলতে না পারলেও মশা তাড়ানোর কয়েল বা বিড়ি সিগারেটের আগুনে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে তিনি ধারনা করছেন।
পঞ্চগড় যুগ্ম জেলা জজ মামুন-অর-রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানানো হবে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।