দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের সমাধিক্ষেত্র কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কুমিল্লার ময়নামতি ওয়ার সিমিট্রিতে শুক্রবার স্মরণ দিবস পালিত হয়েছে। এ স্মরণ দিবস অনুষ্ঠানে ৮টি দেশের রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিট্রিশ হাইকমিশনার রবার্ট গিবসনের নেতৃত্বে ৮ দেশের রাষ্ট্রদূতরা স্মরণ সভায় অংশ নেয়। রেবারেন্ট ফাদার টম ম্যাক ডারমোট স্মরণ সভা অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
কুমিল্লা সেনানিবাসের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী সেনাবাহিনীর পক্ষ থেকে হলিক্রসে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাবাহিনীর বিউগলে করুণ সুর বেজে উঠে। স্মরণ দিবসে অংশ নেয়া প্রতিনিধিত্বকারী দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, কানাডা ও ফ্রান্স। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের উদ্দেশ্যে কবিতা পাঠ করেন বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের মো. আবটাহি আল ওয়াসি ও নওসিন তারান্নাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাদার টম ম্যাকডরমেট।
উল্লেখ্য, কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশনের আয়োজনে প্রতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ময়নামতি ওয়ার সিমিট্রিতে স্মরণ দিবস অনুষ্ঠিত হয়। কুমিল্লা ময়নামতি সেনানিবাসের উত্তর প্রান্তে বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ছায়াঘেরা এক নৈসর্গিক শান্ত পরিবেশে ময়নামতি ওয়ার সিমিট্রিতে ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্ব যুদ্ধে শহীদ মিত্র বাহিনীর সৈনিকদের ৭৩৭টি মরদেহ সমাহিত করা হয়। কমনওয়েলথ গ্রেভ ইয়ার্ড কমিশন এ যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরীসহ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।