যৌন হয়রানির প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা

এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ওই ছাত্রীর পরিবারের ওপর হামলা চালিয়েছে বখাটে যুবকেরা। গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এ ঘটনা ঘটেছে। হামলায় ওই ছাত্রীর বাবা, মা ও চাচা আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুলছাত্রীর বাবা জানান, কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন কুন্দুরিয়া গ্রামের বাদশা মিয়া (২৪)। মঙ্গলবার সন্ধ্যায় বাদশা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সামনে মেয়েটিকে যৌন হয়রানি করলে তাঁকে চড়-থাপড় দিয়ে বাড়ি থেকে বের করে দেন মেয়েটির অভিভাবকেরা। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে ১০-১২ জন যুবককে সঙ্গে নিয়ে ওই বাড়ির লোকজনের ওপর হামলা চালান বাদশা। এ সময় ওই ছাত্রীর বাবা, মা ও চাচা আহত হন।
স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য যতীষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মামা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।