জিম্বাবুয়ের অফস্পিনার ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ



বাংলাদেশ সফররত জিম্বাবুয়ে দলের অফস্পিনার ম্যালকম ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছেন আম্পায়াররা। চলতি সফরে দলের পক্ষে ভালোই লড়ছিলেন অনিয়মিত এই বোলার।
সিরিজের দ্বিতীয় ম্যাচ খুলনা টেস্টে ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা। এই ম্যাচের প্রথম ইনিংসে দুইটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে দলের পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট তিনিই পেয়েছেন।
শনিবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ওয়ালারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের প্রতিবেদনটি শুক্রবার জিম্বাবুয়ে দলের ম্যানেজার মুফারো চিতুরুমানিকে দেয়া হয়েছে। আম্পায়ারদের এই আপত্তির ফলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে হবে তাকে। তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরণের ম্যাচে বল করতে পারবেন তিনি।