বার্সেলোনা লা লিগায় আজ স্বাগতিক আলমেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে। আলমেরিয়ার সঙ্গে লড়াইয়ে বার্সার তারকা স্ট্রাইকার লিওনেল মেসির লক্ষ্য লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেয়া। তাই হলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডে রাউলের সঙ্গে ভাগ বসানোর পর, আরো একটি রেকর্ড পুরো করবেন আর্জেন্টিনার অধিনায়কটি।
লা লিগায় টানা দুই খেলায় পরাজয়ের পর গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টারর্ডামকে ২-০ গোলে হারানোর মধ্য দিয়ে ঘুরে দাঁড়ায় বার্সা। সেই সঙ্গে দুই খেলা হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ড নিশ্চিত করে লুই এনরিকের দল। খেলাটিতে বার্সার দু’টি গোলই করেন মেসি। যার সুবাদে ৭১ গোল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবোচ্চ গোল করা রাউল পাশে নাম লেখান ২৭ বছর বয়সী মেসি।
লা লিগায় তেলমো জারার করা সর্বকালের সর্বোচ্চ (২৫১) গোলের রেকর্ডের খুবই নিকটে অবস্থান করছেন মেসি। আর একটি গোল পারলেই অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কিংবদন্তি খেলোয়াড়টির পাশে নাম লেখাবেন তিনি। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত বিলবাওয়ের হয়ে খেলে লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ডটি গড়েছিলেন জারা। ২৫০টি গোল করে বেশি কিছুদিন ধরেই এই রেকর্ডটি থেকে স্পর্শ দূরত্বে অবস্থান করছেন মেসি। কিন্তু লা লিগায় সর্বশেষ দুই খেলায় রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর কাছে বার্সা হারায় এবং মেসি গোল করতে না পারায় রেকর্ডটা স্পর্শ করার ক্ষেত্রে অপেক্ষাও বাড়ে আর্জেন্টাইন তারকাটির।
এদিকে আশানুরূপ নৈপূণ্য দেখাতে পারছেন না বার্সার নতুন মুখ লুই সুয়ারেজ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে বার্সার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেললেও কোনো সাফল্য পাননি তিনি। নিজের সাবেক ক্লাব আয়াক্সের বিপক্ষে গোল করার দারুণ একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। যদিও সুয়ারেজের ধীর গতির পারফরম্যান্সে অসন্তুষ্ট নন বার্সা কোচ। দলের আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেজ ও নেইমার আসন্ন সপ্তাহগুলোতে ঘুরে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী এনরিকের। আলমেরিয়ার বিপক্ষেও ডিফেন্ডার জেরেমি ম্যাথিউকে পাচ্ছে বার্সা। তবে ফিরছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। বার্সার গত দুই খেলায় ছিলেন না তিনি।
জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রিয়াল। তাদের লক্ষ্য আজ বায়োকানোকে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা ১২তম জয় নিশ্চিত করা। কার্লো অ্যানচেলত্তির দলটি গত বুধবার রাতে নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়ে আগেভাগেই চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন করিম বেনজেমা। চলতি মৌসুমে ১৬ খেলা থেকে এটা রিয়াল স্ট্রাইকারটির দশম গোল।
ধারাবাহিকতায় থাকা বেনজেমা জানালেন, পাঁচ বছর আগে রিয়ালে যোগ দেয়ার পর এবারই তিনি সেরা মৌসুম পার করছেন। দৈনিক এএসকে ফরাসি ফুটবলারটি বলেন, ‘আমি সবসময় শুনেছি, একজন ফুটবলার যখন ২৬ বছরে পৌঁছায়, তখন সে সেরা ফর্মে প্রবেশ করে। আমার ক্ষেত্রেও এই ব্যাপারটি কাজ করছে।’ রিয়ালের ধারাবাহিকতা প্রসঙ্গে বেনজেমা বলেন, ‘আমরা দারুণ ফর্মে আছি এবং দলের সবাই একসঙ্গে খেলাটা দারুণ উপভোগ করছি। এ জন্য আমি দলে বিদ্যমান একতার কথা বলবো। একই মনোভাব নিয়ে আমরা একসঙ্গে খেলি।’
ভায়োকানোর বিপক্ষে গ্যারেথ বেলকে শুরুর একাদশে খেলানো হবে বলে আগেই জানি দিয়েছেন কোচ অ্যানচেলত্তি। পেশির চোটের কারণে পাঁচ খেলা মিস করার পর লিভারপুলের বিপক্ষে ৩০ মিনিট খেলার মধ্য দিয়ে পুনরায় মাঠে ফিরেছেন এই ওয়েলশম্যান। আগামীকাল মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন্স অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন কোচহীন রিয়াল সোসিয়েদাদের মাঠে আতিথ্য নিতে যাবে তারা। চলতি মৌসুমে একের পর এক ব্যর্থতার কারণে দলটির কোচ জ্যাগোবা অ্যারেসাতেকে গত সপ্তাহে বরখাস্ত করা হয়েছে। ক্লাবটির নতুন কোচের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ ডেভিড ময়েস এবং ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্স-আপ করা আলেসান্দ্রো সাবেলার নাম শুনা যাচ্ছে।—এএফপি