কুড়িগ্রামের নারায়ণপুর সীমান্তে বিএসএফের ধাওয়ায় নিখোঁজ বাংলাদেশি নাগরিক আব্দুল আউয়ালের (৪৫) লাশ দুইদিন পর উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে কচাকাটা থানা পুলিশ।
বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে নির্যাতন ও হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ সীমান্তবাসীদের।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদ থেকে বৃহস্পতিবার সকালে বিএসএফ সদস্যরা আব্দুল আউয়ালকে ধরে নিয়ে যায়। শনিবার আব্দুল আউয়ালের লাশ এলাকাবাসী সীমান্তবর্তী নদীতে ভাসতে দেখে কচাকাটা থানা পুলিশকে খবর দিলে দুপুরে উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর হেমায়েতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ বাংলাদেশি নাগরিক আব্দুল আউয়ালের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।