আর্জেন্টিনা জাতীয় দলের কোচ জেরার্ডো মার্টিনো মনে করেন জুভেন্টাসে কার্লোস তেভেজের পারফরমেন্সই বলে দিচ্ছে তাকে উপেক্ষা করা অসম্ভব। ক্রেয়েশিয়া ও পর্তুগালের সঙ্গে চলতি মাসের দুটি প্রদর্শনী ম্যাচকে সামনে রেখে গত মাসে ঘোষিত জাতীয় দলের স্কোয়াডে তেভেজকে অন্তর্ভুক্ত করেন মার্টিনো। এর ফলে প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দল থেকে নির্বাসনের অবসান ঘটে ৩০ বছর বয়সি তেভেজের।
বারবার অঘটনের জন্ম দেয়া তেভেজকে এর আগে তৎকালীন আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলা ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হওয়া সত্বেও তাকে আমলে নেননি। তবে মার্টিনোর ভাষ্য অনুযায়ী তিনি কোনভাবেই তেভেজকে উপেক্ষা করতে পারছেন না। কারণ গত মৌসুমে সিরি এ শিরোপা জয়ী জুভেন্টাসের হয়ে এ পর্যন্ত ৩৪ ম্যাচে অংশ নিয়ে ১৯ গোল করেছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
চলতি মৌসুমেও দারুণ ফর্মে আছেন তেভেজ। এ পর্যন্ত ক্লাব ফুটবলে ১৩টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৮টি। মার্টিনো বলেন, ‘আমরা দেথতে চাই হিগুইন ও সার্জিও এগুয়েরার সঙ্গে সে (তেভেজ) ও (লিওনেল) মেসি মিলে কি করতে পারে। কারণ ম্যানচেস্টার সিটির হয়ে তারা একত্রে দুই বছরেরও বেশী সময় ধরে খেলেছে।'
তবে এর মানে এই নয় যে আমরা তাকে প্রথম একাদশেই ঠাই দেব, কিংবা সাইড বেঞ্চে বসিয়ে রাখব। কোনটাই আগাম বলা যাবে না। আমরা প্রাথমিকভাবে তাদেরকে একত্রিত করেছি। এখন দেখতে চাই আসন্ন ম্যাচ দুটিতে কি ঘটে। এ সময় তাদেরকে একত্রে দেখার সুযোগও সৃষ্টি হতে পারে।’
তেভেজকে গত মৌসুমে সেরা খেলোয়াড়দের মধ্যে একজন বা সিরি এ লিগে সেরা তিন খেলোয়াড়ের মধ্যে একজন উল্লেখ করে মার্টিনো বলেন, জুভেন্টাসে তার খেলা এবং দলটিকে ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন শিরোপা পাইয়ে দেয়ার অর্থ হচ্ছে সে একজন মুল্যবান খেলোয়াড় এবং দলে ডাক পাওয়ার উপযুক্ত।’
আগামী বুধবার ক্রেয়েশিয়াকে আথিথেয়তা দিবে আর্জেন্টিনা। এর পর ১৮ নভেম্বর ম্যানচেস্টারে পর্তুগালের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়ার আগে তেভেজ তার ক্লাব জুভেন্টাসের হয়ে আগামী রবিবার পারমার মোকাবেলা করবে।