ট্রাক চালককে মারধর করার অভিযোগে চট্টগ্রামের এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেলহাট এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। তারা অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় ব্যস্ততম এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সূত্র জানায়, কর্নেলহাট মোড়ে একটি ট্রাককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয় কর্মরত ওই ট্রাফিক সার্জেন্ট। গাড়ি থামানোর পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরে আলম চালককে বেধড়ক মারধর করে। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ট্রাক চালকের কাছ থেকে ট্রাফিক পুলিশ চাঁদা দাবি করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা। চাঁদা না পেয়েই ট্রাক চালককে মারধর করা হয়েছে। এতে বিক্ষুব্ধ হয়ে পরিবহন শ্রমিকরা রাস্তায় নেমে ব্যারিকেড দেয়। শ্রমিক নেতাদের সাথে পুলিশ প্রশাসনের বৈঠকের পর অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা ব্যারিকেড তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।