তুচ্ছ ঘটনাকে কেন্দ করে বিএম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয় ছাত্রলীগ নেতা-কর্মী জখম হয়েছে। আহতদের মধ্যে আল-মামুন নামের এক ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজের একাধিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে (মুসলিম হল) বসবাসকারী অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা আল মামুনের সাথে একই হলের প্রথম বর্ষের ছাত্র ইউসুফের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এসময় আল-মামুন তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে দুপুরে ইউসুফের নেতৃত্বে বহিরাগত ২০/২৫ জন ছাত্রলীগ ক্যাডার মামুনের উপর হামলা চালায়। খবর পেয়ে মামুনের সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছলে, উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনার পর পরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে ঘটনার পর মুসলিম হোস্টেলে উত্তেজনা বিরাজ করছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক জানান, এ বিষয়ে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে। কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।