চবিতে প্রশ্ন জালিয়াতির অভিযোগে আটক দুই শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে গতকাল শনিবার ২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—মো. গালিব মিয়া এবং ফাইজুল ইসলাম। মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের কাছে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসনের অধীনে অনুষ্ঠিত সি১ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। আটককৃত গালিব মিয়ার বাড়ি নরসিংদী জেলায়। তাকে আটক করা হয় সমাজ বিজ্ঞান অনুষদের ৩০৬ নং কক্ষ থেকে। ফাইজুলের বাড়ি কিশোরগঞ্জ। তাকে আই ই আর টি ভবনের ১০৫ নং কক্ষ থেকে আটক করা হয়।
আটককৃতরা সাংবাদিকদের জানান, জালিয়াতি চক্রকে গালিব ১ লাখ এবং ফাইজুল ১ লাখ ১০ হাজার টাকা দিতে রাজি হয়। ফলে পরীক্ষার হলে প্রবেশের পরে তাদের মোবাইলে এসএমএস করে ১০০টি প্রশ্নের উত্তর পাঠিয়ে দেয়। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকরা তাদের বিষয়টি বুঝতে পেরে আটক করে প্রক্টর অফিসে পাঠিয়ে দেয়। পরে তাদের উত্তরপত্র বাতিল করে পুলিশে সোর্পদ করা হয়। তারা এখন হাটহাজারী মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দায়িত্বে থাকা একাধিক প্রশাসনিক কর্তকর্তা জানিয়েছে- তাদের কাছে পাঠানো উত্তরগুলোর সবই মিলে গেছে। তাদের কাছে সেট ১-এর উত্তর পাঠানো হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ জানিয়েছে, তাদের কাছে পাঠানো উত্তর প্রশ্নের সাথে মিলে নাই। তিনি বলেন, তারা চক্রান্তের স্বীকার। প্রশ্নপত্র আউট হয়নি। জালিয়াতি চক্রকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
চুয়েটে ভর্তি পরীক্ষায় শতকরা
৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত

চুয়েট সংবাদাতা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষা বর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এবারে ৬ হাজার ২শ ৭ জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হলেও ৩ হাজার ৯শ ৬৫ জন উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cuet.ac.bd থেকে জানা যাবে।