ফেইসবুকে জেএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর দায়ে মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক রাসেল সরদারকে (২৮) আটক করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার আধারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি আধারা দারুল সুন্নত মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের সাথে জড়িত।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করে এই গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমদাত হোসাইন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রশ্নপত্র ফাঁস বা বিভ্রান্তি জনিত অপতৎপরতার সাথে জড়িতদের বের করার চেষ্টা চলছে। তবে গ্রেফতারকৃত রাসেল সরদার পুলিশের কাছে জানিয়েছেন, হাতে লেখা অঙ্ক পরীক্ষার সাজেশনের ছবি সামাজিক গণমাধ্যম ফেইসবুকে আপলোড করেছেন মাত্র।
আজ রবিবার জেএসসি ও জেডিসি গণিত পরীক্ষা চলছে। জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যে প্রশ্নে পরীক্ষা হচ্ছে তার সাথে ফেসবুকে ছড়িয়ে দেয়া এই প্রশ্নের মিল নেই। তাই পরীক্ষায় কোন প্রভাব পড়ছে না।
মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসান বাদল আজ সকালে জানান, পরীক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলাসহ এই অপতৎপরতা গুরুতর অপরাধ। সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রেফতারকৃত রাসেল সরদার আধারা গ্রামের লিয়াকত আলীর পুত্র।
পুলিশ জানায়, সরকারের উচ্চ পর্যায় থেকে রাসেলের জড়িত থাকার খবরটি মুন্সীগঞ্জে পুলিশকে শুক্রবার রাতে অবগত করা হয়। এই রাত থেকেই পুলিশ অভিযানে নামে।