গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় কাঠবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে পারভেজ মিয়া (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার ফাঁসিতলা নামকস্থানে রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পারভেজ উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাঠবোঝাই ট্রাক ফাঁসিতলা একরামুল হক আইডিয়াল কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় স্কুলগামী ছাত্র পারভেজ মিয়া ট্রাকের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।