লুইস সুয়ারেজ গোল না পেলেও তার দুটি সহযোগিতায় আলেমেরিয়ার বিপক্ষে লা লিগায় ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এর মাধ্যমে দুই ম্যাচ পরে জয়ের দেখা পেলো কাতালানরা।
শনিবার পাঁচটি পরিবর্তনের মাধ্যমে দল সাজিয়েছিলেন বার্সা কোচ লুইস এনরিকে। দলে ছিলেন না সুয়ারেজ ও নেইমারের মতো তারকা খেলোয়াড়রা। এরই সুযোগে ৩৭ মিনিটে থিয়েভি বিফোমার গোলে এগিয়ে যায় অপেক্ষাকৃত অনেক দুর্বল দল আলমেরিয়া। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। তবে বিরতির পরপরই মাঠে নামার সুযোগ পান সুয়ারেজ ও নেইমার। ৭৩ মিনিটে সুয়ারেজের পাস থেকে নেইমার প্রথমে ম্যাচে সমতা ফেরান। এরপর তারই ক্রস থেকে জোর্দি আলবা দলের জয় নিশ্চিত করলে পূর্ণ তিন পয়েন্ট মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্ট এগিয়ে লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছিল বার্সেলোনা। কিন্তু দিনের শেষে লস ব্ল্যাঙ্কোসরা রায়ো ভায়োকানোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আবারো শীর্ষে উঠে এসেছে।
এনরিকের মূল একাদশে পরিবর্তনের সিদ্ধান্তে পেড্রো রড্রিগুয়েজ এবং মুনির এল হাডাডি আক্রমণভাগে লিউনেল মেসির সাথে মাঠে নেমেছিলেন। কিন্তু তাদের ওপর কোচের এই আস্থার প্রতিদান দিতে পারেননি তারা। এর মধ্যে মুনির ও মেসির দুটি প্রচেষ্টা অবশ্য সহজেই আটকে দেন আলেমেরিয়ার গোলরক্ষক রুবেন মার্টিনেজ। তবে ইভান রাকিটিচের একটি হেড দারুণভাবে রক্ষা করে বার্সাকে এগিয়ে যেতে দেননি মার্টিনেজ। এটাকেই ম্যাচের সবচেয়ে দূর্দান্ত সেভ হিসেবে বিবেচনা করা হয়েছে। মেসির শট ক্রসবারে লেগে ফেরত আসলে সেই বল থেকে রাকিটিচ হেড নিয়েছিলেন। তবে বিরতির আট মিনিট আগে জোনাথন সোরিয়ানোর পাস থেকে থিয়েভি বার্সার ডি বক্সের মধ্যে জটলা থেকে দলকে এগিয়ে দিলে স্বাগতিক সমর্থকরা আনন্দে ভেসে উঠে।
প্রথমার্ধের ৪৫ মিনিটে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে অবশেষে এনরিকে মুনির ও পেড্রোকে বিশ্রাম দিয়ে সুয়ারেজ ও নেইমারকে মাঠে নামান। আর এর মাত্র ১৫ মিনিটের মধ্যে তার ফলও পেয়ে যান এনরিকে। সুয়ারেজের পাস থেকে নেইমার ম্যাচে সমতা ফেরালে বার্সা শিবিরে স্বস্তি ফিরে আসে। এর পরমুহূর্তেই উরুগুয়ের এই আন্তর্জাতিক স্ট্রাইকার বার্সার হয়ে তার প্রথম গোলের প্রায় দ্বারপ্রান্ত চলে গিয়েছিলেন। কিন্তু অল্পের জন্য তার শট গোলের ঠিকানা খুঁজে পায়নি। এরপর সুয়ারেজের পাস থেকে মেসির হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচ শেষের আট মিনিট আগে অবশ্য আর ভুল করেননি আলবা। ডানদিক থেকে সুয়ারেজের ক্রস আলবা জালে পাঠিয়ে বার্সার জয় নিশ্চিত করেন। এটি ছিল চলতি মৌসুমে আলবার প্রথম গোল। স্টপেজ টাইমে মেসিকে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করতে দেননি মার্টিনেজ। কিন্তু শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত হওয়ায় স্বস্তি নিয়েই মাঠ ছেড়েছে কাতালানরা।