টাঙ্গাইলের সখীপুরে এক দিন মজুরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মহানন্দপুর গ্রামে এ নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের দিন মজুর আফসার আলী (৬৫) তার স্ত্রী সখিনা বেগমকে নিয়ে অন্যদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত ২ টার দিকে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে দুর্বৃত্তরা চলে যায়।
বৃদ্ধের স্ত্রী সখিনা বেগম দুর্বৃত্তদের দায়ের আঘাতে আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় আফসার আলীকে সখীপুর ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বৃদ্ধের ছেলে আলামিন বাদী হয়ে হত্যা মামলা করেছে। সখীপুর থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম খান বলেন, খুনের ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।