বর্ধমান বিস্ফোরণের মূল অভিযুক্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রকারী জঙ্গি শেখ রহমতউল্লা ওরফে সাজিদের বাড়ি নারায়ণগঞ্জে বলে জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। কিন্তু সাজিদের বাড়ি আসলে নারায়ণগঞ্জের কোথায়, সে বিষয়ে ব্যস্ত দিন কাটিয়েও কূল-কিনারা পায়নি জেলায় দায়িত্বরত গোয়েন্দারা।
পশ্চিমবঙ্গের কমিশনারেট পুলিশের হাতে গ্রেফতারের পর সাজিদ তার ঠিকানা নারায়ণগঞ্জ বললেও বিস্তারিত ঠিকানা উল্লেখ করেনি। তাই তার প্রকৃত ঠিকানা খুঁজতে ব্যস্ত নারায়ণগঞ্জের গোয়েন্দা সংস্থার লোকজন। রবিবার সকাল থেকেই জেলার গোয়েন্দা কর্মকর্তারাসহ সরকারের বিভিন্ন ইনটেলিজেন্ট ব্রাঞ্চগুলো সাজিদের ঠিকানা বের করতে তৎপর হয়ে ওঠে। জেলার সবগুলো থানায় ইতোমধ্যেই সাজিদের ব্যাপারে খোঁজ খবর নিতে সংশ্লিষ্ট ওসিসহ পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (গোয়েন্দা) পরিদর্শক নাছিরউদ্দিন বলেন, ‘সাজিদের বাড়ি নারায়ণগঞ্জে সেটা আমরা শুনতে পেরেছি। তার ঠিকানা এখনো বিস্তারিত জানতে পারি নাই। শুধু জেলা জানতে পেরেছি। কোন স্থানে তার বাড়ি সে ব্যাপারেও আমরা খোঁজ খবর নিচ্ছি। আমাদের টিম এজন্য কাজ করছে।’